৪৮ ঘণ্টার বেশি জেল হেফাজতে থাকলেই সাসপেন্ড! সরকারি কর্মীদের নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
কোনও আলাদা নির্দেশের প্রয়োজন নেই। কোনও সরকারি কর্মী ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে তাঁকে স্বয়ংক্রিয় ভাবে সাময়িক বরখাস্ত বলে গণ্য করা হবে। একটি মামলার শুনানিতে এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ জানিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে আলাদা করে সাসপেনশনের নির্দেশ জারির প্রয়োজন নেই।মামলাটি বিহারের। সমস্তিপুর সদর হাসপাতালের ম্যানেজার বিশ্বজিৎ সিং ওরফে বিশ্বজিৎ রামানন্দের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ, এক ব্যক্তির বকেয়া ৩৬ হাজার ৪২১ টাকা মজুরি ছাড়ার জন্য তিনি ৪ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। গ্রেফতারের পর প্রায় ১৫ দিন বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন বিশ্বজিৎ। পরে দায়রা আদালত তাঁকে জামিন দেয়। কিন্তু প্রায় এক বছর পর সেই জামিন বাতিল করে পটনা হাই কোর্ট। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিশ্বজিৎ।মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট পটনা হাই কোর্টের নির্দেশ খারিজ করে দেয়। একই সঙ্গে দায়রা আদালতের জামিনের নির্দেশ বহাল রাখে। তবে শুনানির সময় সরকারি কর্মীদের সাময়িক বরখাস্তের নিয়ম নিয়েও গুরুত্বপূর্ণ কথা জানায় শীর্ষ আদালত।বেঞ্চের বক্তব্য, কোনও সরকারি কর্মী গ্রেফতারের পর ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে নিয়ম অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত বলে গণ্য করতে হবে। একে বলা হয় স্বয়ংক্রিয় সাময়িক বরখাস্ত। অর্থাৎ, এই ব্যবস্থা কার্যকর করার জন্য আলাদা করে কোনও নির্দেশ জারি করার প্রয়োজন নেই। বিশ্বজিৎ যেহেতু সরকারি কর্মী এবং ১৫ দিন বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন, তাই তাঁকে স্বয়ংক্রিয় ভাবে সাময়িক বরখাস্ত বলে গণ্য করতে হবে।শুনানিতে বিহার সরকারের আইনজীবী জানান, ওই কর্মীকে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে সেই নির্দেশ প্রত্যাহার করে তাঁকে আবার একই হাসপাতালে, একই পদে নিয়োগ করা হয়। এই বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিহার সরকারকে দ্রুত বিষয়টি খতিয়ে দেখে আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে বেঞ্চ।

